ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে গিয়ে নিরাপদ সম্পদে বিনিয়োগ বাড়ানোর প্রবণতার মধ্যেই প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপার দামও উঠেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫৫৪ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়। এর আগের দিন স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯১ দশমিক ৬১ ডলারে পৌঁছায়। সোমবার প্রথমবারের মতো ৫ হাজার ডলারের সীমা অতিক্রম করে স্বর্ণ, মাত্র চারটি লেনদেন সেশনেই যার দাম বেড়েছে ৫০০ ডলারের বেশি।
আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ ক্রয়, ট্রেন্ড-অনুসরণকারী বিনিয়োগ তহবিলের সক্রিয়তা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধিই দামের এই উত্থানের প্রধান কারণ। তিনি জানান, স্বল্পমেয়াদে দামে কিছুটা সংশোধন আসতে পারে, তবে ২০২৬ সাল পর্যন্ত স্বর্ণের বাজার শক্ত অবস্থান বজায় রাখবে। ফলে দাম কমলে তা নতুন বিনিয়োগের সুযোগ হিসেবেই বিবেচিত হবে।
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা টানাপোড়েন বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে। পাশাপাশি বৈশ্বিক রাজনীতিতে অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়িয়েছে।
এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা বাজারের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ব্যবসায়ীদের ধারণা, আগামী জুনে সুদের হার কমাতে পারে ফেড। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, মূল্যস্ফীতি এখনো নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে।
বিশ্লেষকদের মতে, অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণ দীর্ঘদিন ধরেই নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত। কম সুদের পরিবেশে অ-ফলনশীল সম্পদ হওয়ায় স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ২০২৫ সালে স্বর্ণের দাম বেড়েছিল প্রায় ৬৪ শতাংশ, আর চলতি বছর এখন পর্যন্ত দাম বেড়েছে ২৫ শতাংশের বেশি।
স্বর্ণের রেকর্ড দামের প্রভাব পড়েছে ভোক্তা বাজারেও। সাংহাই ও হংকংয়ের স্বর্ণ ও মূল্যবান ধাতুর দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। অনেকেই ধারণা করছেন, সামনে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।
অন্যদিকে স্পট রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১১৮ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগে রুপার দাম রেকর্ড ১১৯ দশমিক ৩৪ ডলারে পৌঁছায়। একই সঙ্গে স্পট প্লাটিনামের দাম বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৬৯৭ দশমিক ৫৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ২ হাজার ৯১ দশমিক ১৫ ডলারে।


