ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অভিবাসীদের টাকা চুরি: যুক্তরাজ্যে পাঁচ কর্মকর্তা অভিযুক্ত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০২:১৬ এএম
লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট। ছবি : সংগৃহীত

ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের কাছ থেকে নগদ অর্থ চুরির অভিযোগে পাঁচ ব্রিটিশ ইমিগ্রেশন কর্মকর্তা আদালতে হাজির হয়েছেন। তাদের বিরুদ্ধে সরকারি পদে অসদাচরণ, চুরির ষড়যন্ত্র ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তরা হলেন-জন বার্নথাল (৫৩), বেন এডওয়ার্ডস (৪৫), লি-অ্যান ইভানসন (৪২), বেসমির মাতেরা (৩৬) এবং জ্যাক মিচেল (৩৩)।

অভিযোগ অনুযায়ী, তারা ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত অভিবাসীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন।

লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানিকালে প্রসিকিউটর রোজালিন্ড ইয়ারিস বলেন, অভিযুক্তরা ব্রিটেনের দক্ষিণ উপকূলে দায়িত্ব পালন করতেন এবং ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় আসা অভিবাসীদের প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, অনেক অভিবাসী নিজের কাছে তুলনামূলকভাবে বড় অঙ্কের নগদ অর্থ নিয়ে আসেন। অভিযুক্তরা সেই অর্থের সন্ধান পেয়ে পরস্পর যোগসাজশে টাকা নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিতেন।

এ মামলায় বেসমির মাতেরার বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থান, ভুয়া নামে একটি ব্রিটিশ পাসপোর্ট এবং পূর্ণ ও অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স রাখার অভিযোগ রয়েছে। প্রসিকিউশনের দাবি, মাতেরা ২০০৩ সালে কসোভোর নাগরিক পরিচয়ে আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে তদন্তে জানা গেছে, তিনি আসলে আলবেনিয়ার নাগরিক এবং একটি স্কুল ট্রিপে যুক্তরাজ্যে এসেছিলেন।

এ ছাড়া ডেভিড গ্রান্ডি (৪৩) নামে আরেকজনের বিরুদ্ধে কেবল মানি লন্ডারিংয়ের একটি অভিযোগ আনা হয়েছে।

সব মিলিয়ে ছয়জন অভিযুক্তকেই আগামী ফেব্রুয়ারিতে সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে পরবর্তী শুনানি পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। এ সময় তাদের কারও কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার বা অস্বীকার জানতে চাওয়া হয়নি।