ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বার্বাডোজে আজ সাধারণ নির্বাচন, বিএলপি এগিয়ে ২৯ আসনে

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:০৪ পিএম
বার্বাডোজের পতাকা। ছবি : সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলের পূর্বতম দেশ বার্বাডোজে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ২ লাখ ৮৩ হাজার মানুষের আবাসস্থল দেশটি আয়তনে সিঙ্গাপুরের অর্ধেকেরও বেশি।

বর্তমান প্রধানমন্ত্রী মিয়া মোটলি এই নির্বাচনে আবারও আলোচনার কেন্দ্রে। যেকোনো ক্যারিবীয় নেতার তুলনায় তিনি শক্তিশালী বৈশ্বিক প্রোফাইল গড়ে তুলেছেন। পরবর্তী জাতিসংঘ মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও তার নাম নিয়ে গুঞ্জন রয়েছে।

মোটলি ক্যারিবীয় কমিউনিটির (ক্যারিকম) ঘূর্ণায়মান চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে তিনি জোরালো ভূমিকা রেখেছেন। ২০২১ সালে তার নেতৃত্বেই সাবেক ব্রিটিশ উপনিবেশ বার্বাডোস প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়।

বার্বাডোসে টানা দুই মেয়াদের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতার সংখ্যা খুবই সীমিত। দেশটিতে মেয়াদসীমা না থাকলেও মোটলি পুনর্নির্বাচিত হলে তিনিই হবেন প্রথম নারী নেতা, যিনি টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন।

তার দল বার্বাডোজ লেবার পার্টি (বিএলপি) অর্থনীতি শক্তিশালী করা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

অন্যদিকে বিরোধী দল ডেমোক্রেটিক লেবার পার্টি (ডিএলপি) নিরাপত্তা ও অবকাঠামোগত ইস্যুতে সরকারের সমালোচনা করেছে। বিরোধীদলীয় নেতা রালফ থর্ন বলেছেন, নীতিনির্ধারণে বার্বাডোসিয়ানদের অভ্যন্তরীণ অগ্রাধিকারে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

বর্তমানে পার্লামেন্টের হাউস অব অ্যাসেম্বলিতে ৩০টি আসনের মধ্যে বিএলপির দখলে রয়েছে ২৯টি এবং ডিএলপির দখলে একটি আসন। ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে বিএলপি সবকটি ৩০টি আসনেই জয় পায়।

তবে ২০২৪ সালে শাসক দল একটি আসন হারায়, যখন ক্রাইস্ট চার্চ সাউথ আসন থেকে বিএলপির হয়ে নির্বাচিত থর্ন দলত্যাগ করে বিরোধী দলে যোগ দেন এবং বিরোধীদলীয় নেতা হন।

নির্বাচনের আগে বিরোধী দলের কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, ভোটার তালিকায় নাম অনুপস্থিতিসহ কিছু ভুল রয়েছে, যা ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, নির্বাচনি প্রক্রিয়া স্বচ্ছ ও বৈধ।