ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের বিজয় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে নির্বাচনে অংশ নিয়ে জয় পাওয়া—এ ঘটনাকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে।
বিশ্লেষকদের মতে, এ ফলাফল বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, এই নির্বাচনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পরে লন্ডনে নির্বাসনে থাকা তারেক রহমানের দেশে ফিরে আসা ও নির্বাচনে বিপুল বিজয় দেখাচ্ছে যে বাংলাদেশের জনগণ রাজনৈতিক পরিবর্তনের জন্য কতটা আকাঙ্ক্ষী।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তারেক রহমানের বিজয়কে ‘ভূমিধস জয়’ উল্লেখ করেছে। সংবাদমাধ্যমটি বলছে, বিএনপির এই সাফল্য আগামী দিনগুলোতে দেশের অর্থনীতি, বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের কার্যক্রম অঞ্চলীয় শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে যথেষ্ট স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। তারা মনে করছে, তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও জনগণ নির্দলীয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে, যা দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতার ইঙ্গিত বহন করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট এবার পুরোপুরি পরিবর্তিত হতে যাচ্ছে। বিএনপির জয় দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ভারসাম্য ও সরকারের নীতিতে নতুন দিকনির্দেশ প্রদান করবে।
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান লিখেছে, নির্বাচনে এই ফলাফল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রেও প্রভাব ফেলতে পারে, কারণ বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত দেশ।
তারা বিশ্লেষণ করেছে, নতুন সরকারের নীতিনির্ধারণে আঞ্চলিক শক্তি সমীকরণ ও আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই জয় শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থানকেও প্রভাবিত করবে। বিশেষ করে পাকিস্তান, ভারত ও চীনের মতো প্রতিবেশী দেশগুলো নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন