মহান ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্যারিসপ্রবাসী বাংলাদেশিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেছেন।
২০২৩ সালে সেন্ট ডেনিস এলাকায় প্রতিষ্ঠিত স্থায়ী শহীদ মিনারে আয়োজিত এ অনুষ্ঠানে ফরাসি সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়েবা মহাসচিব এবং সেকানো বাঙালির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে সেন্ট ডেনিস ডিপার্টমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট স্টেফান স্ত্রুশেল ১৯৫২ সালে বাংলাদেশের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, সেই ইতিহাস আজ বিশ্ব ইতিহাসের অংশ।
সেন্ট ডেনিসের মেয়রের পক্ষে বক্তব্য দেন ইয়ানিক কাইয়ে। আরও বক্তব্য দেন করন্তাঁ দুপ্রে, মোফতাউ ইবুরোয়া, অরিয়ান ফিলল এবং আবিদা হানেফা প্রমুখ। কমিউনিটির পক্ষে বক্তব্য দেন আয়েবা এক্সিকিউটিভ সদস্য শুভ্রত শুভ ও মো. আলী আজম খান।
অনুষ্ঠানের শেষে সেকানো বাঙালি সংগঠনের প্রেসিডেন্ট এবং শহীদ মিনার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা স্বরূপ সদিউল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভাষা আন্দোলনের প্রতীক এই শহীদ মিনার আগামী প্রজন্মের কাছে ইতিহাস ও চেতনার গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু পরিচালনার দায়িত্বে ছিলেন সেকানো বাঙালির সাধারণ সম্পাদক আবু জাফর তানিম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন