লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরাল্লাহর স্মরণে নামকরণ করা নতুন প্রজন্মের একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে জোরালো হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফার একটি তেল শোধনাগারে সরাসরি আঘাত হেনেছে।
আইআরজিসি জানিয়েছে, নতুন উৎক্ষেপিত এই মিসাইলটি মাল্টি-ওয়ারহেড প্রযুক্তিতে তৈরি, যা অত্যন্ত ভারী বিস্ফোরক বহনে সক্ষম।
বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর থেকে হাইফা ও আশদোদ বন্দরের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ পর্যন্ত ৬৬ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সিসিটিভি ফুটেজে একটি মিসাইল সরাসরি হাইফার তেল শোধনাগারে আঘাত হানার দৃশ্য ধরা পড়েছে, যার ফলে প্ল্যান্টটির স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হাইফার তেল শোধনাগারে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে।
তবে তারা দাবি করেছে, এই হামলায় কোনো 'উল্লেখযোগ্য' ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। হাইফা ছাড়াও তেলআবিব, জেরুজালেমসহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান।
এরই প্রতিক্রিয়ায় শুক্রবার (২০ মার্চ) ভোরে ইরানের রাজধানী তেহরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
জানা যায়, তেহরানে অন্তত চার থেকে পাঁচ দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি বিমান বাহিনীর এই আকস্মিক অভিযানে ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সংঘাতের বিস্তার ঘটেছে সমুদ্রপথেও। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আইআরজিসির বেশ কিছু নৌযানের ওপর হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সূত্র : রয়টার্স

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন