ইরানের বন্দরের দিকে এগিয়ে যাওয়া যেকোনো জাহাজকে সমুদ্রে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ব্যবহৃত ‘প্রাণঘাতী’ পদ্ধতির মতো একইভাবে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা লেখেন।
ট্রাম্পের দাবি অনুযায়ী, পূর্বাঞ্চলীয় সময় সকাল ১০টা থেকে এই অবরোধ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এতে ইরানের সব বন্দর এবং উপকূলীয় এলাকা বিভিন্ন দেশের জাহাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি পোস্টে লেখেন, তাদের অবিলম্বে নির্মূল করা হবে- এটা দ্রুত এবং নৃশংস হবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নৌবাহিনী কার্যত সমুদ্রের তলদেশে ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে এবং মোট ১৫৮টি জাহাজ ধ্বংস হয়েছে।
তিনি উল্লেখ করেন, ইরানের কিছু ‘ফাস্ট অ্যাটাক শিপ’-এ এখনো হামলা হয়নি, কারণ সেগুলোকে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এসব জাহাজ অবরোধের কাছে আসে, তবে সমুদ্রে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ব্যবহৃত একই কৌশলে সেগুলোকে দ্রুত ধ্বংস করা হবে।
ট্রাম্প লেখেন, ‘সতর্কবার্তা- এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছে আসে, তাহলে তাৎক্ষণিকভাবে নির্মূল করা হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন