ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে থানের একটি সেতুর ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহারাষ্ট্র পুলিশের তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট মিক্সার ট্রাকের সঙ্গে একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানটি সেতুর ওপর উঠতেই উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা সিমেন্ট মিক্সারের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ভ্যানের ৯ যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ, উদ্ধারকারী দল ও চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত গতি এই দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
এদিকে একই সময়ে আরেকটি পৃথক ঘটনায়, রোববার রাতে উত্তরপ্রদেশে বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। ধৌলানা-গুলাবতী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ট্রাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও পুলিশ উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন