যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রসিকতার ছলে এবার কিউবাকে নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশটিকে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের তথ্য অনুযায়ী, শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে এক বক্তব্যে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার সময় ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ টানেন।
সেখানে তিনি বলেন, মিকা এমন এক স্থান থেকে এসেছেন, যার নাম কিউবা আর সেটি খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের দখলে আসতে পারে।
ট্রাম্প আরও বলেন, কিউবার কিছু সমস্যা রয়েছে। আগে একটি কাজ শেষ করতে হবে, তারপর অন্যটি। আমি সবসময় কাজ শেষ করতে পছন্দ করি।
পরে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি ইঙ্গিত দেন, ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের বড় কোনো যুদ্ধজাহাজ সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী কিউবার উপকূলের দিকে যেতে পারে।
রসিকতার ভঙ্গিতে ট্রাম্প বলেন, ‘যদি জাহাজটি উপকূল থেকে মাত্র ১০০ গজ দূরে গিয়ে থামে, তাহলে তারা হয়তো বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।’


