পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে থেমে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে জোরালো ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বহু যাত্রী আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানচালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে মোটরওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে মারদান মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহও সেখানে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসটি করাচি থেকে বুনারের দিকে যাচ্ছিল। অন্যদিকে ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে দিরের উদ্দেশে রওনা হয়েছিল।
ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে চালকের অবহেলাকেই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন