সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে চেয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়। মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানি ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।
ইতোমধ্যে আমিরাতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি, ভারতসহ অনেকে তাদের সাধ্য ও সামর্থের মধ্যে পছন্দের গরু, ছাগল বা অন্য কোন হালাল পশু ক্রয় করেছে।
আমিরাত জুড়ে ঈদের জামাতের সময় সূচি-
আবুধাবি- সকাল ৫টা ৫০ মিনিট, দুবাই- ৫টা ৪৫ মিনিট, শারজাহ- ৫টা ৪৩ মিনিট, আজমান- ৫টা ৩৯ মিনিট, ফুজাইরাহ- ৫টা ৪১ মিনিট, উম্মে আল কুইন- ৫টা ৪৩ মিনিট, রাস আল খাইমা- ৫টা ৪০ মিনিট ও আল-আইন ৫টা ৪৫ মিনিট।


