নেদারল্যান্ডসের রটারডামে একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের দেওয়াল ভাঙচুর, বিয়ার বোতল নিক্ষেপ এবং ভবনের সামনে অশোভন আচরণের অভিযোগ উঠেছে কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)। সংগঠনটি হামলার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে।
শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে আইএসএন জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ছয়জন অজ্ঞাত ব্যক্তি রটারডামের মেভলানা মসজিদে হামলা চালায়। হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেওয়াল ক্ষতিগ্রস্ত করে। পাশাপাশি তারা ভবনের দিকে বিয়ার বোতল নিক্ষেপ করে এবং সামনের অংশে প্রস্রাব করে বলে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মসজিদ কর্তৃপক্ষ বারবার পুলিশকে ফোন করলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। হামলাকারীরা এলাকা ত্যাগ করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আইএসএনের দাবি, মুসলিম সম্প্রদায় ও মসজিদগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা বাড়তে থাকায় মুসল্লিরা নিজেদের ক্রমেই অনিরাপদ মনে করছেন। সংগঠনটি আরও অভিযোগ করেছে, ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মকর্তারা বিষয়টিকে এমন কোনো হুমকি হিসেবে বিবেচনা করেননি, যাতে জরুরি হস্তক্ষেপ প্রয়োজন ছিল।
আইএসএন বলেছে, সব পরিস্থিতিতেই ইবাদতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়ভীতি ছাড়াই ধর্মীয় অনুশীলনের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে, হামলার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও গুরুতর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তারা এ ঘটনায় আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন