বাংলাদেশে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান ধনকুবের রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি এয়ারট্রাঙ্ক আগামী ২০৩০ সালের মধ্যে ভারতে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানানো হয়।
কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে প্রায় পাঁচ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তুলতে কাজ করবে এয়ারট্রাঙ্ক। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এ ধরনের বিনিয়োগ ভারতের ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি খাতে বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
পরিকল্পিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগটি বাস্তবায়িত হবে মহারাষ্ট্রে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় দুই ট্রিলিয়ন রুপি ব্যয়ে তিন গিগাওয়াট সক্ষমতার একটি বৃহৎ ডেটা সেন্টার হাব নির্মাণ করবে এয়ারট্রাঙ্ক।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে দ্রুত সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকংসহ বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, রবিন খুদার সম্পদের পরিমাণ প্রায় ২.১ বিলিয়ন ডলার। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এয়ারট্রাঙ্ক বর্তমানে অঞ্চলের অন্যতম শীর্ষ ডেটা সেন্টার অপারেটর। ২০২৪ সালে ব্ল্যাকস্টোন ও কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী জোট ১৬ বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করলেও রবিন খুদা এখনও কোম্পানির একটি উল্লেখযোগ্য অংশের মালিকানা ধরে রেখেছেন।
সূত্র: ফোর্বস

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন