এবার উত্তর ইরাকের কুর্দিস্তান স্বশাসিত অঞ্চলের বিভিন্ন এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এসব এলাকায় হামলার সময় পুরো অঞ্চলজুড়ে বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
দেশটির এরবিলভিত্তিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাগুলো মূলত কুর্দিস্তানের রাজধানী এরবিল, সোরান ও খালিফানসহ আশপাশের বিভিন্ন কৌশলগত এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছিল।
এ সময় মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামকির জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরবিলের আকাশে উড়ে থাকা একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে। এ ছাড়া ইরাকের সীমান্তবর্তী সোরান জেলার আকাশসীমায় আরও তিনটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে।
তবে এসব ড্রোন হামলায তাক্ষৎণিভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৭ জুলাই উত্তর ইরাকের কুর্দি আঞ্চলিক সরকার (কেআরজি) ওই অঞ্চলে একের পর এক ইরানি সামরিক হামলার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি তেহরানকে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার আকুল আহ্বান জানিয়েছিল।
দীর্ঘদিন ধরেই ইরান তাদের ভাষায় এরবিল ও সুলাইমানিয়ায় অবস্থানরত ‘ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর’ ঘাঁটি, এরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা এলাকা লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে।
সাম্প্রতিক সময়ে ইরানের তালিকাবদ্ধ নিষিদ্ধ সংগঠন ‘কোমালা রেভোলিউশনারি টয়লার্স অর্গানাইজেশন অব ইরানিয়ান কুর্দিস্তান’-এর সুলাইমানিয়াস্থ একটি প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় দলটির অন্তত আটজন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্র: আনাদোলু

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন