ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তৃতীয়বার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হলেন তোয়াদেরা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১০:১৩ এএম
ভোট দিচ্ছেন তোয়াদেরা। ছবি : সংগৃহীত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন ফাউস্টিন আরচান্জে তোয়াদেরা। সোমবার ঘোষিত প্রাথমিক ফল অনুযায়ী, ৬৮ বছর বয়সী গণিতবিদ তোয়াদেরা পেয়েছেন ৭৬ দশমিক ১৫ শতাংশ ভোট। নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫২ দশমিক ৪২ শতাংশ।

গত ২৮ ডিসেম্বর দেশটিতে একই সঙ্গে সংসদ, স্থানীয় সরকার ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান বিরোধী জোট বিআরডিসি নির্বাচন বর্জন করেছে। তাদের অভিযোগ ছিল, দেশে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো পরিবেশ নেই।

দীর্ঘদিনের অস্থিরতা ও গৃহযুদ্ধকবলিত দেশে তোয়াদেরা মূলত নিরাপত্তা ইস্যু সামনে রেখে প্রচার চালিয়েছেন। রুশ ভাড়াটে সেনা ও রুয়ান্ডার সেনাদের সহায়তায় দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির দাবি করেন তিনি। এ ছাড়া চলতি বছর বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি সই করাও তার সাফল্যের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এক দশক আগে ক্ষমতায় আসা তোয়াদেরা ২০২৩ সালে এক বিতর্কিত গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করেন। ওই সংশোধনীতে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হওয়ার সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়, যা তাকে তৃতীয়বার নির্বাচনে লড়ার পথ সুগম করে দেয়।

প্রেসিডেন্ট নির্বাচনে এবার সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আনিচেট জর্জেস দুলোগুয়েলা, হেনরি মারিয়ে দন্দ্রা। শুরুর দিকে দুজনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় প্রতিবন্ধকতা থাকলেও সাংবিধানিক আদালত তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়। দুলোগুয়েলা ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরাজিত হন। অপরদিকে তোয়াদেরার সরকারে একসময় কাজ করেন দন্দ্রা।  

এ ছাড়া দেশটিতে দীর্ঘ ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশটি রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। গৃহযুদ্ধ চলছে মুসলিম সেলেকা বিদ্রোহীদের সঙ্গে খ্রিষ্টান অ্যান্টি বালাকা গ্রুপের। এ যুদ্ধে দেশটির প্রায় ১০ লাখ লোক বাস্তুচ্যুত হন।