সুদানে র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তর করদোফান প্রদেশের রাহাদ শহরে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের সবাই দুবেইকের এলাকা থেকে চলমান ভয়াবহ যুদ্ধ থেকে বাঁচতে একটি বাসে করে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছিলেন। পথে আরএসএফের ড্রোন তাদের লক্ষ্য করে হামলা চালায়।
নিরীহ মানুষের ওপর আরএফএসের এই হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত শুক্রবারও (৬ ফেব্রুয়ারি) উত্তর করদোফানে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণবাহী একাধিক ট্রাকে ড্রোন হামলা চালায় আরএসএফ। এতে বেশ কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন নিহত ও বহু মানুষ আহত হন।
গত বছরের অক্টোবরে এল-ফাশের শহরটি আধাসামরিক বাহিনীর দখলে যাওয়ার পর থেকে করদোফান অঞ্চলে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। জাতিসংঘ এল-ফাশের শহরটিকে একটি ‘অপরাধস্থল’ হিসেবে বর্ণনা করেছে।
ক্ষমতার দখল ঘিরে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে। গত তিন বছর ধরে চলা এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং দেশটি বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি।
জাতিসংঘের হিসাবে, সুদানে ২ কোটি ১০ লাখের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন এবং জনসংখ্যার দুই-তৃতীয়াংশেরই জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন