মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তর-পূর্বাঞ্চলে এক হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস)-সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠীর হামলায় এই প্রাণহানি ঘটেছে।
সংবাদ সংস্থা আল জাজিরার এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আঞ্চলিক সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জুলেস চিকুদি এনগোঙ্গো জানান, ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের বাফওয়াকোয়া এলাকায় আগের দিনের হামলায় অন্তত ৪৩ জন নাগরিক নিহত হয়েছেন এবং ৪৪টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ এই হামলার জন্য ‘অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এডিএফ) গোষ্ঠীকে দায়ী করেছে। উগান্ডার সাবেক বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত এই গোষ্ঠী আইএসআইএলের প্রতি আনুগত্য ঘোষণা করেছে।
এদিকে পূর্বাঞ্চলে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে গিয়ে কঙ্গোর সেনাবাহিনী এডিএফকে দমনে হিমশিম খাচ্ছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রুয়ান্ডা-সমর্থিত এম২৩, যারা গত বছর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমাসহ বেশ কয়েকটি বড় শহর দখল করে নিয়েছিল।
মাম্বাসার প্রশাসনিক কর্মকর্তা বাপতিস্তে মুনিয়াপান্ডি রয়টার্সকে জানান, এখনো তল্লাশি অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় এক নেতা ক্রিশ্চিয়ান আলিমাসি জানান, হামলায় বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। কিছু মানুষকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, আবার কেউ নিজের ঘরেই আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া দুইজনকে অপহরণ করা হয়েছে।
ডিআর কঙ্গোয় এডিএফ যোদ্ধার সঠিক সংখ্যা জানা না গেলেও, এই অঞ্চলে তাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। ২০২১ সালে কঙ্গো ও উগান্ডার যৌথ সামরিক অভিযান শুরু হলেও সাম্প্রতিক মাসগুলোতে ইতুরি ও পার্শ্ববর্তী নর্থ কিভু প্রদেশে বেসামরিক নাগরিকদের ওপর এডিএফের হামলা বেড়েছে।
গত বছর পাশের একটি এলাকায় এডিএফ ৬৬ জনকে হত্যা করে এবং আরও কয়েকজনকে অপহরণ করেছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন