নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় ১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে একাধিক অধিকার সংস্থা। তবে মঙ্গলবার (১২ মে) এই দাবি অস্বীকার করেছে নাইজেরিয়ার সামরিক বাহিনী ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার (১১ মে) এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (১০ মে) জামফারা রাজ্যের তুমফা শহরের একটি বাজারে সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। রাজ্যের রেড ক্রসের এক কর্মকর্তা ইব্রাহিম বেলো গারবা অ্যাসোসিয়েটেড প্রেসকে এই হামলার কথা নিশ্চিত করেন এবং বলেছেন, একাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়ার পরিচালক ইসা সানুসি বার্তাসংস্থা এপিকে বলেন, ‘শুধু একটি গ্রামেই ৮০ জনকে দাফন করা হয়েছে এবং নিহতদের মধ্যে কেউ যে দস্যু ছিল, তার কোনো প্রমাণ নেই। তারা সবাই বেসামরিক নাগরিক। তাদের অধিকাংশই অল্পবয়সি মেয়ে ও ছোট ছেলে।’
নাইজেরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা বিমান হামলা চালিয়েছে, তবে বেসামরিক মানুষ নিহত হওয়ার কোনো নিশ্চিত প্রমাণ তারা পায়নি। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মাইকেল ওনোজা বলেন, ‘সাধারণ মানুষকে লক্ষ্য করা হয় না এবং তাদের ক্ষতি এড়াতে চেষ্টা করা হচ্ছে।’
তিনি জানান, ‘ওই এলাকায় সামরিক অভিযান এখনো চলছে।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ভুলবশত অনেক সাধারণ মানুষ হতাহত হচ্ছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত মাসে নাইজেরিয়ার বিমান বাহিনীর ভুল হামলায় প্রায় ১০০ জন মারা যান।
বিশ্লেষকদের মতে, বিমান বাহিনী ও মাটিতে থাকা সেনাদের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে এ ধরনের ভুল হামলা ঘটে।
যদিও সরকার বলছে, তাদের আসল লক্ষ্য জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। সমস্যা হলো, বোকো হারামের মতো জঙ্গি গোষ্ঠীগুলো প্রায়ই সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকে। তাই তাদের আলাদা করে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন