ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনি বিধি লঙ্ঘন করায় ২ শতাধিক লোকের বিরুদ্ধে মামলা মিয়ানমার জান্তার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:১০ এএম
নির্বাচনি ব্যানার ফেস্টুনে ঢেকে পড়ছে নেপিদো। ছবি- সংগৃহীত

নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারে ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দেশটির জান্তা সরকার। আগামী ২৮ ডিসেম্বর দেশটিতে জাতীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে। তিন ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনের দ্বিতীয় ও তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১১ ও ২৫ জানুয়ারি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে সরিয়ে জান্তার ক্ষমতা দখলের পর, প্রথমবারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমালোচকেরা এ নির্বাচন স্বচ্ছ ও স্বাধীন হওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর শীর্ষ প্রতিনিধিরা এই ভোটকে সামরিক শাসন দীর্ঘায়িত করার অজুহাত হিসেবে দেখছেন এবং তা প্রত্যাখ্যান করছেন।

জান্তা সরকার আসন্ন এই নির্বাচনকে ‘বাধা, বিঘ্ন ও ধ্বংস’ থেকে রক্ষা করতে জুলাই মাসে একটি আইন প্রণয়ন করে। এই আইনে কোনো ব্যক্তি ভোটের সমালোচনা করলে বা নির্বাচনবিরোধী প্রতিবাদে অংশ নিলে, তাকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে জান্তা সরকারের স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী টুন টুন নাউং বলেন, ‘আসন্ন এই নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টার অভিযোগে মোট ২২৯ জনের বিরুদ্ধে এই আইনের আওতায় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।’