বছরের এই সময়ে বিরল টানা ভারী বৃষ্টিতে কলম্বিয়ায় চলতি সপ্তাহে অন্তত ১৩ জনের প্রানহানি হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা আইডিয়াম জানায়, উত্তর আমেরিকা থেকে দ্রুতগতিতে আসা একটি শীতল বায়ুপ্রবাহ কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে ঢুকে পড়ে। এর ফলে গত মাসে স্বাভাবিক গড়ের তুলনায় বৃষ্টিপাত বেড়েছে ৬৪ শতাংশ।
নারিনো বিভাগের কর্মকর্তারা জানান, এই সপ্তাহে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিনো বিভাগে ভূমিধসে সাতজন প্রাণ হারান। শুক্রবার রাতে টানা বৃষ্টিতে একটি খাল উপচে পড়ে। এতে ঘরবাড়ি কাদায় চাপা পড়ে।
কর্তৃপক্ষের প্রকাশ করা উদ্ধারকাজের ভিডিওতে দেখা যায়, সেখানে ভারী যন্ত্র দিয়ে কাদা সরানো হচ্ছে। উদ্ধারকর্মী ও প্রশিক্ষিত কুকুর দিয়ে নিখোঁজদের খোঁজ চালানো হচ্ছে বলে জানান তারা।
এর আগে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইউএনজিআরডি জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে দেশজুড়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। উষ্ণমণ্ডলীয় জলবায়ুর দেশ কলম্বিয়ায় স্পষ্ট ঋতু বিভাজন নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানে শুষ্ক ও বর্ষা সময়ের স্বাভাবিক ধারাবাহিকতা ভেঙে পড়ছে।

