মিয়ানমারের উত্তরাঞ্চলে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১৬ জন হতাহত হয়েছেন।
রোববার (৩১ মে) শান রাজ্যের নামকাম জেলায় এ ঘটনা ঘটে বলে উদ্ধারকর্মীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় সূত্র ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, খনি উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ৭০ জনের বেশি।
একজন উদ্ধারকর্মী জানান, ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
অন্য এক উদ্ধারকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, তার হিসেবে নিহতের সংখ্যা ইতোমধ্যে ৫৯ জনে পৌঁছেছে।
তিনি আরও বলেন, বিস্ফোরণে বিপুলসংখ্যক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে মরদেহ সংগ্রহ করে দাফনের ব্যবস্থা করছেন।
অঞ্চলটির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র গোষ্ঠী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে বহু স্থানীয় বাসিন্দা নিহত ও আহত হয়েছেন এবং তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, টিএনএলএ তথাকথিত ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর একটি সদস্য, যার মধ্যে আরাকান আর্মি (এএ) এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) অন্তর্ভুক্ত। ২০২৪ সালের শুরুতে চীনের মধ্যস্থতায় এই জোট সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও, একই বছরের জুনে টিএনএলএ শান রাজ্য ও পার্শ্ববর্তী মান্দালয় অঞ্চলে নতুন করে হামলা শুরু করে।
পরে বিদ্রোহীরা উত্তরের রত্নখনি শহর মোগোক দখল করে নেয়। তবে গত বছরের অক্টোবরে চীনের মধ্যস্থতায় টিএনএলএ মোগোক থেকে সরে যেতে সম্মত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন