হংকংয়ের গণতন্ত্রপন্থি ধনকুবের জিমি লাইকে জালিয়াতি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। ২০২২ সালের ডিসেম্বরে এ মামলায় ৫ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে । অভিযোগ ছিল, অ্যাপল ডেইলির প্রধান কার্যালয়ের লিজের শর্ত ভঙ্গ করে তিনি গোপনে সেখানে ডিকো কনসালট্যান্টস লিমিটেড নামের একটি বেসরকারি কোম্পানি চালাচ্ছিলেন।
তবে জালিয়াতির দণ্ড বাতিল হলেও, বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহমূলক উপাদান প্রকাশের অভিযোগে জাতীয় নিরাপত্তা মামলায় ২০ বছরের সাজা বহাল থাকায় লাই কারাগারেই থাকবেন।
বৃহস্পতিবারের এ রায় বেইজিংয়ের কট্টর সমালোচক হিসেবে পরিচিত লাইয়ের জন্য এক বিরল সাফল্য। তিনি একাধিক মামলার মুখোমুখি হয়েছেন এবং আদালতে নিজেকে ‘রাজনৈতিক বন্দি’ বলে বর্ণনা করেছেন।
এদিকে, লাইয়ের সন্তানেরা বলেছেন, পাঁচ বছরের বেশি সময় একাকী কারাবাসের ফলে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এভাবে চললে কারাগারেই তার জীবনাবসান হতে পারে। লাইয়ের ডান চোখে রেটিনাল ভেইন অবস্ট্রাকশন, উচ্চ রক্তচাপ, হৃৎকম্পন এবং ক্রমাগত শ্রবণশক্তি হ্রাসের সমস্যা রয়েছে।
জিমি লাইয়ের ছেলে সেবাস্তিয়ান লাই বলেন, তাকে অবিলম্বে মুক্তি দেওয়াই সঠিক পদক্ষেপ।
-20260227101019.webp)


