বেলুচিস্তানের মাস্তুং জেলার খাদকোচা তহসিলে সামরিক অভিযানের প্রতিবাদে শহরে পূর্ণাঙ্গ শাটডাউন ধর্মঘট পালিত হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, অভিযানের সময় পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং মসজিদ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিমান হামলায় খাদকোচার কয়েকটি ধর্মীয় বিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেন।
ঘটনার প্রতিবাদে আজ মাস্তুং শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়। স্থানীয় নাগরিকরা ধর্মঘটে ব্যাপকভাবে অংশ নেন এবং ঘটনার বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, প্রায় এক ঘণ্টা ধরে গোলাবর্ষণ চলে। এতে একটি মসজিদ ও মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত হয়। গোলাবর্ষণের সময় মসজিদের ভেতরে থাকা বেশ কয়েকটি পবিত্র কোরআনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানান।
এর আগে, ওই এলাকায় বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানি বাহিনীর একটি কনভয়ে হামলা চালিয়েছিল বলে দাবি করে। সংগঠনটির বক্তব্য অনুযায়ী, ওই হামলায় পাকিস্তানি বাহিনীর ৪৫ জনের বেশি সদস্য নিহত এবং কয়েক ডজন আহত হয়।
বিএলএর ওই হামলার পর পাকিস্তানি বাহিনী বিমান হামলা ও গোলাবর্ষণ চালায় বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে। এতে মাদ্রাসা, স্থানীয় বাসাবাড়ি এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে।
তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

