কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন।মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ঘটেছে এ হামলা। এ ছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর বরাতে জানা গেছে, ওই হাই স্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। হামলার পর ঘটনাস্থল থেকে ছয়জনকে নিহত এবং প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে আরসিএমপি।
হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারী নিজেই নিজেকে ‘শেষ করে দিয়েছেন’ বলে ধারণা করছে আরসিএমপি।
আহতদের উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত হওয়ার কারণে আহতদের মধ্যে দুজনের জীবন সংকটাপন্ন। বাকি ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
স্কুলটির নিকটবর্তী একটি বাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে আরসিএমপি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই নিহতরা স্কুলে হামলার সঙ্গে সম্পর্কিত। আরও নিহত বা আহত আছে কি না, তা জনতে স্কুলটির আশপাশের ঘরবাড়ি ও আবাসনগুলোতে তল্লাশি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরসিএমপি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন