বেলারুশ সীমান্তবর্তী একটি জঙ্গলে খনন করা গোপন সুড়ঙ্গ ব্যবহার করে ১৮০ জনেরও বেশি অভিবাসী পোল্যান্ডে প্রবেশ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সুড়ঙ্গটি শনাক্ত হওয়ার পর পোল্যান্ডে প্রবেশ করা অন্তত ১৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। বাকিরা এখনো পলাতক রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের বর্ডার গার্ড সুড়ঙ্গটির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, গাছের শিকড় ও খোলা মাটির নিচ দিয়ে সুড়ঙ্গটি খনন করা হয়েছিল। কাঠের খুঁটি ও ধাতব রড দিয়ে সুড়ঙ্গটি ঠেস দিয়ে রাখা হয়। সুড়ঙ্গটির উচ্চতা ছিল মাত্র দেড় মিটার, ফলে বেশিরভাগ মানুষকে নিচু হয়ে চলাচল করতে হয়েছে।
বর্ডার গার্ডের বিবৃতিতে বলা হয়, গোপন সুড়ঙ্গটি বেলারুশ সীমান্ত থেকে আনুমানিক ৫০ মিটার দূরে অবস্থিত ছিল। সুড়ঙ্গের বের হওয়ার মুখ পোল্যান্ডের দিকে সীমান্ত নিরাপত্তা বেড়া থেকে প্রায় ১০ মিটার দূরে পাওয়া যায়।
পোল্যান্ডের সীমান্তরক্ষীরা জানিয়েছে, চলতি বছরে পশ্চিমাঞ্চলীয় পডলাস্কি অঞ্চলে এটি চতুর্থ গোপন সুড়ঙ্গ, যার মাধ্যমে অভিবাসীরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে।
এ ঘটনায় অভিবাসীদের বহনে সহায়তার অভিযোগে ৬৯ বছর বয়সী এক পোলিশ নাগরিক এবং ৪৯ বছর বয়সী এক লিথুয়ানিয়ান নাগরিককে আটক করা হয়েছে।
ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে কতজন অভিবাসী সুড়ঙ্গটি ব্যবহার করেছে তা নিশ্চিত করা হয়েছে। পলাতক অভিবাসীদের সন্ধানে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ পোল্যান্ড ২০২১ সাল থেকে বেলারুশ সীমান্তে অভিবাসী সংকটের মুখে রয়েছে। পোল্যান্ডের অভিযোগ, বেলারুশ ও তাদের মিত্র রাশিয়া ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অভিবাসীদের সীমান্ত পার হতে উৎসাহ দিয়ে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যদিও বেলারুশ ও রাশিয়া এ অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।
অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে পোল্যান্ড ২০২২ সালে বেলারুশ সীমান্তে প্রায় ১৮০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বেড়া নির্মাণ শুরু করে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন