ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে ডোডা জেলার খন্নি টপ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে ২০ জন সেনা সদস্য ছিলেন।
কর্মকর্তারা বলেন, একটি বুলেটপ্রুফ সেনা যান পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ওই গাড়িটি একটি সেনা ক্যাম্প থেকে নিয়মিত টহলের অংশ নিয়েছিল।
পুলিশ জানিয়েছে, গন্তব্যে পৌঁছানোর প্রায় এক কিলোমিটার আগে একটি বাঁকে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলেই ১০ জন সেনা প্রাণ হারান। আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া গুরুতর আহত তিনজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটির সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, ডোডা এলাকায় খারাপ আবহাওয়া ও দুর্গম ভূখণ্ডে চলাচলের সময় একটি সেনা যান সড়ক থেকে পিছলে পড়ে। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জনকে চিকিৎসার জন্য উদমপুর কমান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনাটি যান্ত্রিক ত্রুটি নাকি খন্নি টপ এলাকার কঠিন সড়ক পরিস্থিতির কারণে ঘটেছে—তা নির্ধারণে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও শোকবার্তা দিয়েছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
-20260122112734.webp)

