ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে চীনা প্রযুক্তিতে তৈরি একটি রোবটিক কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তীব্র বিতর্কের মুখে পড়েছে দেশটির বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়।
ঘটনার সূত্রপাত হয় যখন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডিডি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ‘ওরিয়ন’ নামের রোবটটি তাদের সেন্টার অব এক্সিলেন্সে তৈরি বলে দাবি করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় সমালোচনা।
পরে অনলাইন ব্যবহারকারীরা তথ্য-প্রমাণ তুলে ধরে জানান, রোবটটি আসলে চীনের প্রতিষ্ঠান Unitree Robotics-এর তৈরি ‘Go2’ মডেল। বাজারে বিক্রীত এই রোবটের মূল্য প্রায় দুই লাখ রুপি থেকে শুরু হয় বলে জানা গেছে।
বুধবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোবটটি নিজেদের তৈরি এমন দাবি অস্বীকার করে। তারা সমালোচনাকে ‘পরিকল্পিত অপপ্রচার’ হিসেবে উল্লেখ করে জানায়, শিক্ষার্থীদের এআই প্রোগ্রামিং শেখানো এবং বিশ্বজুড়ে সহজলভ্য সরঞ্জাম ব্যবহার করে বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করাই ছিল তাদের উদ্দেশ্য। রোবটিক প্রোগ্রামিং প্রদর্শনী ছিল সেই প্রশিক্ষণেরই অংশ।
ভিডিওতে বক্তব্য দেওয়া অধ্যাপক নেহা সিং পরে বলেন, তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি দাবি করেন, বক্তব্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি বা ভুল বোঝাবুঝির কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি অংশ এ ব্যাখ্যায় সন্তুষ্ট হননি এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অসততার অভিযোগ তুলেছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিতর্কের জেরে সম্মেলন থেকে সংশ্লিষ্ট স্টল সরিয়ে নিতে বলা হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি করেছেন, তারা কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। পরে সংবাদ সংস্থা Press Trust of India (পিটিআই) জানায়, বিতর্কের পর স্টলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, ওই বুথে পরে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিকেও দেখা যায়নি।
ঘটনাটি সম্মেলনের আয়োজকদের জন্যও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। কারণ ভিডিওটি ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়েছিল। বিতর্কের পর পোস্টটি সরিয়ে ফেলা হয়।
ভারতের তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণন বলেন, এই অনাকাঙ্ক্ষিত বিতর্ক যেন সম্মেলনে অংশগ্রহণকারী অন্য উদ্ভাবক ও গবেষকদের সাফল্যকে ম্লান না করে।
গত সোমবার দিল্লির ভারত মণ্ডপম–এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘India AI Impact Summit’-এর উদ্বোধন করেন। ভারত সরকার এই সম্মেলনকে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ভারতের অবস্থান শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরছে।
পাঁচ দিনব্যাপী এ আয়োজনের লক্ষ্য হলো এআই সুশাসন, অবকাঠামো উন্নয়ন ও উদ্ভাবন নিয়ে নীতিনির্ধারণী আলোচনা এগিয়ে নেওয়া। এতে ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি, বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইসহ শীর্ষ প্রযুক্তি ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।
তবে সম্মেলনের প্রথম দিন অতিরিক্ত ভিড়, দীর্ঘ লাইন ও ভেন্যু ব্যবস্থাপনা নিয়ে কিছু অভিযোগ ওঠে। পরে আয়োজকরা প্রদর্শনীর সময়সীমা বাড়ানো এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদারের উদ্যোগ নেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন