ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিদ্যুতের দাম বেশি

আদানির সঙ্গে চুক্তি পুনঃআলোচনা করতে চায় নতুন সরকার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি : সংগৃহীত

ভারতের আদানি পাওয়ারের সরবরাহ করা বিদ্যুতের উচ্চমূল্য নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন করে আলোচনা করতে চায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিদ্যুতের মূল্য পুনর্বিবেচনার উদ্যোগ নতুন সরকারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদক্ষেপগুলোর একটি। 

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, আদানি যে কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে তার দাম তুলনামূলক বেশি। ফলে বিদ্যুতের দামও বেশি হচ্ছে। যার ভার বহন করতে হচ্ছে বাংলাদেশকে। ফলে বাংলাদেশকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্র বলেছেন, নতুন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা হলো আদানির সঙ্গে দাম নিয়ে নতুন করে আলোচনা করা। তবে আদানির সঙ্গে বিষয়টি এখনো উত্থাপন করা হয়নি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল ব্লুমবার্গ। তবে তিনি কোনো মন্তব্য করেননি। 

আদানি পাওয়ারের এক প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশের নতুন সরকার পুনঃআলোচনার ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তিনি বলেছেন, এ মুহূর্তে চুক্তির সব ধারা তারা পূরণ করে যাচ্ছেন।

২০২৩ সাল থেকে ঝাড়খণ্ডের গোড্ডা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে আদানি। এটি কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র।

সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আদানির সঙ্গে বাংলাদেশের ২৫ বছরের চুক্তি হয়। ঝাড়খণ্ডের এই কেন্দ্রে উৎপাদিত ১ হাজার ৬০০ মেগাওয়াটের প্রায় পুরোটাই বাংলাদেশে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

গত জানুয়ারিতে বাংলাদেশ সরকারের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আদানির বিদ্যুতের দাম যত হওয়া উচিত ছিল বর্তমানে ‘এটির দাম অন্তত ৫০ শতাংশ বেশি’।

ব্লুমবার্গ বলেছে, বাংলাদেশ সরকার যদি আদানির বিদ্যুৎ নিয়ে পুনরায় আলোচনা করতে চায় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক কঠিন হয়ে যেতে পারে। তারা বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চান। সঙ্গে তিনি আরও ব্যালেন্স পররাষ্ট্রনীতির প্রতি আগ্রহী।