ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হিমঘরের ছাদ ভেঙে ৪ শ্রমিকের মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৪:৫৭ পিএম
মৃত্যু। ছবি- সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি হিমঘরের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে চাঁদপুর গ্রামে অবস্থিত একটি কোল্ড স্টোরেজে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হিমঘরটির ছাদ। দুর্ঘটনার সময় সেখানে বহু শ্রমিক কর্মরত ছিলেন, ফলে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পর কোল্ড স্টোরেজে থাকা অ্যামোনিয়া গ্যাসের ট্যাংকার ফেটে যায়। এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু করেন।

আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। রাত পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন।

উল্লেখ্য, চাঁদপুর গ্রামের ওই হিমঘরটি উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আনসার আহমেদের মালিকানাধীন বলে জানা গেছে।