ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতির যে বাধা, কাল হচ্ছে না শপথ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:০৭ পিএম
থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তারা। টিভিকে পেয়েছে মোট ১০৮টি আসন, যেখানে সরকার গড়তে হলে ২৩৪টির মধ্যে প্রয়োজন ১১৮টি আসন।

এই পরিস্থিতিতে বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। সব মিলিয়ে বিজয়ের পক্ষে এখন রয়েছে ১১৩টি আসন, তবুও এখনও ৫টি আসনের ঘাটতি রয়েছে।

সূত্র অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের কথা ছিল। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা ছিল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়ের।

তবে এখন জানা গেছে, সেই শপথ আর হচ্ছে না। কারণ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা এখনও অর্জন করতে পারেনি টিভিকে।

রাজ্যপাল জানিয়েছেন, বিজয়ের দল এখনো নির্ধারিত সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছাতে পারেনি। সেই কারণেই বৃহস্পতিবার তার শপথ গ্রহণ স্থগিত রাখা হয়েছে।

এদিকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য টিভিকে অন্যান্য দলের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এআইএডিএমকের সাধারণ সম্পাদক ও সাবেক মুখ্যমন্ত্রী ই. পলানিস্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি ডিএমকের মিত্র দল ভিসিকে এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি।

বামপন্থি দলগুলোর কাছেও জোটের প্রস্তাব দিয়েছে টিভিকে। সিপিআই(এম) ইতিমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে এবং ডিএমকের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনায় রাখছে। আইইউএমএলে কাছেও প্রস্তাব দেওয়া হয়েছে, তবে তাদের অবস্থান এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে তামিলনাড়ুর রাজনীতিতে আগামী কয়েক দিন চরম নাটকীয়তা দেখা যেতে পারে। কারণ, সরকার গঠনের জন্য বিজয়ের দলকে এখন অন্য দলের সমর্থনের ওপরই নির্ভর করতে হবে।