ভারতের বিহারে সরকারি স্কুলের মধ্যাহ্নভোজে (মিড-ডে মিল) সাপের বাচ্চা পাওয়ার ঘটনায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সহরসা জেলার মহিষী ব্লকের বালুয়াহা মিডল স্কুলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, একটি এনজিওর মাধ্যমে প্রতিদিনের মতো শিক্ষার্থীদের খাবার সরবরাহ করা হচ্ছিল। খাবার পরিবেশনের সময় এক শিক্ষার্থী তরকারির মধ্যে একটি মৃত সাপের বাচ্চা দেখতে পায়। এরপরই স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খাবার খাওয়া একাধিক শিক্ষার্থী হঠাৎ পেটব্যথা ও বমিতে আক্রান্ত হয়। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে গুরুতর অবস্থার কয়েকজনকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। জেলা প্রশাসন বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে। পাশাপাশি যে এনজিওর মাধ্যমে খাবার সরবরাহ করা হয়েছিল, তাদের রান্নাঘরেও তদন্ত শুরু করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, তদন্তে অবহেলা বা বিষক্রিয়ার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিভাবকরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এনজিওর লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন