ভেঙে দেওয়া হয়েছিল বিধানসভা। তবু সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয়ে ‘মুখ্যমন্ত্রী’ পদবি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কম জলঘোলা হয়নি। তবে অবশেষে নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনেই নিজের পরিচয় বদলালেন তৃণমূল নেত্রী। অন্যদিকে, শপথ নেওয়ার পরপরই নিজের এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে নামের পাশে ‘মুখ্যমন্ত্রী’ যুক্ত করেছেন শুভেন্দু অধিকারী।
মমতার নতুন পরিচয় কী?
শনিবার (৯ মে) সকাল পর্যন্তও ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইলে লেখা ছিল, ‘পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী’। তবে বেলা গড়াতেই আসে পরিবর্তন। আসে নতুন পরিচয়।
যদিও সেই নতুন পরিচয়ে কোথাও ‘সাবেক মুখ্যমন্ত্রী’ শব্দটি ব্যবহার করা হয়নি। এর বদলে তিনি উল্লেখ করেছেন তাঁর দায়িত্ব পালনের মেয়াদ। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এই নেত্রীর পরিচয়— ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (পঞ্চদশ, ষোড়শ ও সপ্তদশ বিধানসভা)’।

