ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোসেফ ‘থালাপতি’ বিজয়। তার নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দলের আরও ৯ জন সদস্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয় ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সরকার গঠন নিয়ে কয়েক দিনের রাজনৈতিক অনিশ্চয়তার পর আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন থালাপতি বিজয়। শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে টিভিকের আরও ৯ জন সদস্য মন্ত্রী হিসেবে শপথ নেন। তারা হলেন: এন. আনন্দ, আধব অর্জুন, ডা. কে.জি. অরুণরাজ, কে.এ. সেঙ্গোট্টাইয়ান, পি. ভেঙ্কটারমানন, আর. নির্মলকুমার, রাজমোহন, ডা. টি.কে. প্রভু এবং সেলভি এস. কীর্তনা।
মাত্র দুই বছর আগে গঠিত টিভিকে দল এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বড় ধরনের সাফল্য পায়। ২৩৪ সদস্যের বিধানসভায় দলটি ১০৮টি আসন জিতে বৃহত্তম দলে পরিণত হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের ডিএমকে ও এআইএডিএমকের রাজনৈতিক প্রভাবের বাইরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
তবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনে জোটের সমর্থন প্রয়োজন হয়। নির্বাচনের পর কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ভিসিকে ও আইইউএমএলের সমর্থন পেয়ে টিভিকের পক্ষে সমর্থনকারী বিধায়কের সংখ্যা ১২১ জনে পৌঁছায়, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি। টানা কয়েক দিনের আলোচনা ও রাজনৈতিক সমঝোতার পর অবশেষে সরকার গঠনের পথ সুগম হয়।


