ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে নির্মাণাধীন একটি সেতু ধসে অন্তত ছয় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং কিছু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক ২টার দিকে বেতওয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুটির একটি বড় স্ল্যাব হঠাৎ ধসে পড়ে। স্থানীয়দের মতে, ঝড়-বৃষ্টির সময় দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ধসে পড়া কংক্রিট ও লোহার ভারী কাঠামোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন শ্রমিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর পুলিশ, এসডিআরএফ ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল অভিযান শুরু করেছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে সেতুর একটি পিলারের ওপর আটকে পড়া তিন শ্রমিককে নিরাপদে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।


