ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০২:৩০ এএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত

ভারতে অননুমোদিতভাবে বসবাসকারী বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। একইসঙ্গে প্রতিবেশী বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করেছে নয়াদিল্লি।

শুক্রবার (৫ জুন) রাজধানী দিল্লিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

তিনি জানান, ভারতের আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে দেশটিতে অবস্থান করতে পারেন না। বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে এবং আইনগত কাঠামোর আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জয়সওয়াল বলেন, যেসব ব্যক্তিকে অবৈধ অভিবাসী হিসেবে সন্দেহ করা হচ্ছে, তাদের নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। তার মতে, যাচাই কার্যক্রম দ্রুত শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও আরও সহজ ও কার্যকর হবে।

তিনি আরও জানান, অবৈধভাবে ভারতে থাকা ব্যক্তিদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আগে থেকেই একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। এই ব্যবস্থার আওতায় ভারত সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বাংলাদেশের কাছে পাঠায়। বাংলাদেশ তাদের নাগরিকত্ব নিশ্চিত করলে পরবর্তী ধাপে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করা হয়।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, এ ধরনের বেশ কয়েকটি অনুরোধ ইতোমধ্যে বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই নাগরিকত্ব যাচাইয়ের কাজ এখনো সম্পন্ন হয়নি।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাকি যাচাই কার্যক্রম দ্রুত শেষ হবে, যাতে অবৈধভাবে ভারতে অবস্থানকারীদের প্রত্যাবাসন প্রক্রিয়া নির্বিঘ্নে এগিয়ে নেওয়া যায়।

সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ বা ‘পুশ-ইন’ ইস্যু দুই দেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি না এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও দৃঢ় ও গতিশীল করার পক্ষেই অবস্থান করছে ভারত।