ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টানা দুই বছর সৌদি আরবে মৃত্যুদণ্ডের রেকর্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:২৫ এএম
ছবি: সংগৃহীত

২০২৫ সালে সৌদি আরবে মোট ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা এক বছরে দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এএফপির হিসাব অনুযায়ী, এর আগে কখনও এত বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের মধ্যে মাদকবিরোধী মামলায় সর্বাধিক ২৪৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩৩৮ জন। ফলে টানা দুই বছর ধরে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরে নতুন রেকর্ড গড়ল।

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোর কঠোর মাদকবিরোধী অভিযানের সঙ্গে মৃত্যুদণ্ড বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে। অভিযান চলাকালে দেশটির সীমান্ত ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে এবং বহু পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মৃত্যুদণ্ডের এই হারের ব্যাপক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, এত বেশি মৃত্যুদণ্ড সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।

মানবাধিকারকর্মীরা আরও বলছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন-২০৩০’ সংস্কার কর্মসূচির সঙ্গে কঠোর শাস্তি কার্যকর করা সাংঘর্ষিক। এতে দেশটিকে আধুনিক ও সহনশীল হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে।