ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানে কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলল বিক্ষোভকারীরা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৪৭ এএম
ছবি : ভিডিও থেকে নেওয়া

ইরানের ফার্স প্রদেশে কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা। ২০২০ সালে ইরাকে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন তিনি। মৃত্যুর সময় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন কাসেম সোলাইমানি। তার হত্যাকাণ্ডের জেরে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলমান বিক্ষোভের ১১তম দিনে বুধবার (৭ জানুয়ারি) ফার্স প্রদেশে বিক্ষোভকারীরা ভাস্কর্যটি ভাঙচুর করে। সেদিন রাতে ইরানে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলেও রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

বিক্ষোভের অংশ হিসেবে ইসফাহানে রাষ্ট্রীয় টেলিভিশন-সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তার্কিশ সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি-সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ছবিতে আগুন ধরিয়ে দিয়েছে।

ইরানের শেষ শাহ শাসকের ছেলে রেজা পাহলভির আহ্বানে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসে মানুষ। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রথমে আন্দোলন শুরু করেন, যা টানা ১২ দিন ধরে চলছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে।