মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে লাইভ-ফায়ারিং মহড়া শুরু করেছে ইরান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইরানি কর্মকর্তাদের ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে (নোতাম) জানানো হয়েছে, ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত এই সামরিক তৎপরতা চলবে।
মহড়ার সময় সংশ্লিষ্ট এলাকার আকাশসীমা ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই বিমান চলাচল সীমিত থাকবে।
মার্কিন বিমান বাহিনীও (এএফসেন্ট) ওই অঞ্চলে নিজেদের সক্ষমতা প্রদর্শনে বড় ধরনের মহড়া শুরু করেছে।
একদিকে মার্কিন কমান্ড বলছে তারা দ্রুত মোতায়েন ও সামরিক শক্তি প্রদর্শনের মহড়া দিচ্ছে, অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়েছে যেকোনো ধরনের উস্কানি বা হামলার শিকার হলে তারা সাথে সাথেই কঠোর জবাব দেবে।
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় হরমুজ প্রণালীর এই সামরিক উত্তেজনা এখন পুরো বিশ্বের নজর কেড়েছে। ওয়াশিংটন যেখানে তেহরানকে নিয়ন্ত্রণে সব ধরনের পন্থা অবলম্বনের হুঁশিয়ারি দিয়েছে। সেখানে ইরানও সামরিক প্রস্তুতির জানান দিয়ে নিজেদের অনড় অবস্থানের বার্তা দিচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন