ইরানে পৃথক দুটি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে এ ধরনের আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গ্যাস লিক থেকেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ—সব মিলিয়ে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশটির উপসাগরীয় উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের-কে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা।
অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে আরেকটি বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় তেহরান টাইমস পত্রিকা জানিয়েছে।
এই বিস্ফোরণের ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটনের চাপ অব্যাহত রয়েছে।
বন্দর আব্বাসের ঘটনায় রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মোআল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুটি তলা ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় একাধিক যানবাহন ও দোকান।
স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ আমিন লিয়াকাত বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যাস লিক হয়ে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণটি ঘটেছে। মেহের প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে আমার সহকর্মীরা বিস্তারিত তথ্য জানাবেন’। আঞ্চলিক কর্মকর্তা মেহরদাদ হাসানজাদেহ মেহেরকে জানান, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নাকচ করে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, ওই বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়নি।
ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগে গত কয়েক দিন ধরে দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের আশপাশে ব্যাপক সামরিক উপস্থিতি ঘটিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মাঝেই শনিবার দেশটিতে এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।



