দীর্ঘদিনের আইনি অস্পষ্টতা ও বাধার দেয়াল ভেঙে অবশেষে আনুষ্ঠানিকভাবে নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিয়েছে ইরান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এখন থেকে দেশটির নারীরা বৈধভাবে মোটরসাইকেল চালনার লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আগের আইনে নারীদের মোটরবাইক ও স্কুটার চালানো স্পষ্টভাবে নিষিদ্ধ করা না হলেও কর্তৃপক্ষ লাইসেন্স দিতে অস্বীকৃতি জানাতো। আইনি অস্পষ্টার কারণে নারীরা দুর্ঘটনার কবলে পড়লে তাদের নিজেদের দায়ভার বহন করতে হতো।
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ মঙ্গলবার নারীদের লাইসেন্স প্রদানসংক্রান্ত এক প্রস্তাবে সই করেন। দেশটির বার্তা সংস্থা ইলনা বলেছে, সড়ক আইন স্পষ্ট করার লক্ষ্যে ওই প্রস্তাব আনা হয়। গত জানুয়ারির শেষের দিকে ইরানের মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন পায়।
ইলনা বলেছে, প্রস্তাব অনুযায়ী ট্রাফিক পুলিশকে নারী আবেদনকারীদের জন্য ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি পুলিশের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ এবং নারীদের মোটরসাইকেল চালানোর লাইসেন্স দিতে হবে।
ক্ষমতাসীন সরকার-বিরোধী বিক্ষোভে ইরানে গত কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ অস্থিতিশীলতার মাঝে কর্তৃপক্ষ নারীদের মোটরসাইকেল চালানোর লাইসেন্স দেওয়ার ওই সিদ্ধান্ত নিয়েছে। গত ডিসেম্বরের শেষের দিকে অর্থনৈতিক দুর্দশা থেকে শুরু হওয়া বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়ায় কঠোর অভিযান চালিয়ে দমন করা হয়।
বিক্ষোভকারীদের ওপর সহিংসতার অভিযোগে ইরানের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়েছে; ইরানের আশপাশে বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে ওয়াশিংটন।
তেহরান স্বীকার করেছে, সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও পথচারী বলে দাবে করেছে ইরানের সরকার।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে নারীরা বিভিন্ন ধরনের সামাজিক বিধিনিষেধের মুখে পড়েন। বিশেষ করে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে পোশাকবিধি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইরানের রাস্তায় স্কুটার এবং মোটরসাইকেল নিয়ে নারীদের চলাচল উল্লেখযোগ্য হারে বেড়েছে। পোশাকবিধি নিয়ে কড়াকড়ি থাকলেও অনেক নারীই এখন তা উপেক্ষা করে বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন। নতুন এই আইনি স্বীকৃতির ফলে ইরানের পরিবহনব্যবস্থায় নারীদের অংশগ্রহণ আরও স্বতঃস্ফূর্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

-20260204204217.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন