ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:০৭ পিএম
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। এই হামলায় কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যের সরিয়ে নিয়েছিল ইসরায়েল। ওই সীমারেখাকে বলা হয় ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’। তথাকথিত সেই হলুদ রেখার বাইরেও এই হামলা চালানো হয়।

গাজার আল-শিফা হাসপাতালের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুত জন্য একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামলার বিষয়ে রোববার সকালে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজার একটি অনির্দিষ্ট স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ভবনে প্রবেশ করার পর পরই হামলা চালানো হয়েছে। এতে দু’জন নিহত হয়েছে। এ ছাড়া হলুদ রেখা অতিক্রম করার সময় তাৎক্ষণিক হুমকি হিসেবে একজনকে হত্যা করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্র ও লঞ্চার সংরক্ষণের গুদামে হামলার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এসব হামলায় এখনো হতাতের খবর পাওয়া যায়নি।