মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিয়েছে। এ ঘটনায় নতুন করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিন থেকে প্রকাশিত এক শোকবার্তায় পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে গভীর সমবেদনা জানিয়েছেন।
বার্তায় তিনি বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে আমি গভীর শোকাহত। এটি এমন একটি ঘটনা, যা মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।’
পুতিন আরও বলেন, খামেনিকে রাশিয়া একটি অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করবে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এবং রাশিয়া-ইরান সহযোগিতাকে বিস্তৃত কৌশলগত অংশীদারিতে উন্নীত করতে তার ব্যক্তিগত ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক অঙ্গনে খামেনি এমন একজন নেতা ছিলেন, যিনি আঞ্চলিক রাজনীতি ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, উল্লেখ করেন পুতিন।
শোকবার্তায় পুতিন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রতি অনুরোধ করেন, খামেনির পরিবার, তার স্বজন, ইরানের সরকার এবং সাধারণ জনগণের কাছে রাশিয়ার সমবেদনা পৌঁছে দিতে। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে রাশিয়া ইরানের জনগণের পাশে রয়েছে।’
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সি আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।
তেহরানসহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ওই দিন বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এই হামলায় ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করা হয়েছিল বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন