ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি : সংগৃহীত

ফ্রান্স নিজেদের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে নিজেদের একমাত্র নৌ ও বিমান ঘাঁটির নিরাপত্তা বাড়াতে এমন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

আমিরাতের রাজধানী আবুধাবির আল-ধাফরা এলাকায় অবস্থিত ঘাঁটিটির নাম ক্যাম্প দে লা পাইক্স। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিটিতে সার্বক্ষণিকভাবে অবস্থান করছেন ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীর কয়েক’শ কর্মকর্তা ও সদস্য।

মঙ্গলবার (৪ মার্চ) ফ্রান্সের টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারট বলেন, ‘গত ১ মার্চ রবিবার আমিরাতে আমাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে ঘাঁটির একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সেখানে রাফাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই রাফালগুলোর কাজ হবে ঘাঁটির ওপরে আকাশসীমাকে নিরাপদ রাখা।

এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভূমধ্যসাগরে ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরি ‘চার্লস দ্য গল’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। পূর্বে ধারণকৃত ভাষণটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের ফলে সমুদ্রপথে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স একটি বহুজাতিক জোট গঠনের চেষ্টা করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি জোর দেন।

সূত্র: আরব নিউজফ্রান্স২৪