ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ১৬তম দিন আজ। এরই মধ্যে ইসরায়েল জানিয়েছে, তেল আবিবের কাছে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধক ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম সেমাফোর এ খবর জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছর ইরানের সঙ্গে লড়াইয়ের সময় বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান যুদ্ধে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র বর্ষণ ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এর আগের সামরিক সহায়তা প্যাকেজগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন করে সরঞ্জাম পাঠালে তা মার্কিন নিজস্ব মজুদের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের ঘাঁটি, কর্মী এবং স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন তার সবটুকুই আমাদের আছে। তিনি জানান, ইসরায়েল তাদের এই ঘাটতি মোকাবিলায় নিজস্ব ‘সমাধান বের করার চেষ্টা করছে’।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধাস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, গত বছরের জুনে ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ১৫০টিরও বেশি থাড ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছিল, যা তৎকালীন মার্কিন মজুদের প্রায় এক-চতুর্থাংশ। এ ছাড়া বর্তমান যুদ্ধের শুরুর দিনগুলোতে ওয়াশিংটন প্রায় ২৪০ কোটি ডলার মূল্যের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যয় করেছে বলে জানা গেছে।


