মধ্যপ্রাচ্যের দেশ ওমানে টানা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের উদ্ধারে জোরালো অভিযান চলছে।
ওমান নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলায়াত এলাকায় উদ্ধারকারী দল আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে। এর আগে প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সর্বশেষ তথ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (২১ মার্চ) রাতে দেশটির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। দক্ষিণ আল বাতিনাহর ওয়াদি আল মাউইল এলাকায় তিনটি যানবাহন হঠাৎ সৃষ্ট তীব্র পানির স্রোতে আটকা পড়ে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও বাকি তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।
এদিকে আকস্মিক বন্যায় প্লাবিত হয়ে পড়েছে বিভিন্ন উপত্যকা ও নিচু এলাকা। এতে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাজধানী মাস্কাটসহ আল বাতিনাহ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে রাস্তাঘাট ডুবে যাওয়ায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে। একাধিক এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
কর্তৃপক্ষ চালক ও সাধারণ জনগণকে প্লাবিত ওয়াদি বা উপত্যকা অতিক্রম না করার জন্য বিশেষভাবে সতর্ক করেছে। হঠাৎ সৃষ্ট পানির স্রোত অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে এখনও অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে। বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রোববারও উত্তর আশ শারকিয়াহ, দক্ষিণ আশ শারকিয়াহ, আল উস্তা, আদ দাখিলিয়াহ, আদ দাহিরাহ, দক্ষিণ আল বাতিনাহ এবং মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
‘আল-মুসাররাত’ নামের একটি নিম্নচাপের প্রভাবে এই বিরূপ আবহাওয়া সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিটি দেশের বিভিন্ন অঞ্চলে জরুরি কেন্দ্রগুলো সক্রিয় রেখেছে এবং সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
এ অবস্থায় বাসিন্দাদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি নির্দেশনা মেনে চলা, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং নির্ভরযোগ্য উৎস থেকে সর্বশেষ তথ্য জানার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান চলমান থাকায় সবাইকে সতর্ক থাকার ওপরও জোর দেওয়া হয়েছে।

