ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের অনুমতি নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুদ্ধ-পূর্ববর্তী সময়ের চেয়ে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের সংখ্যা এখনো ৯০ শতাংশ কম বলে জানিয়েছে আইআরজিসি নিয়ন্ত্রিত ইরানের এ সংবাদমাধ্যমটি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ দেশটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এ প্রণালিটি পুরোপুরি বন্ধ নয়। শুধু শত্রু দেশগুলোর জন্য হরমুজ প্রণালি বন্ধ বলে বারবার জানিয়েছেন তারা।
ইরান তার মিত্র দেশ ইরাকের ওপর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। দেশটির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে।
ইতিমধ্যে ইরানের আইনপ্রণেতা ও কর্মকর্তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপ হতে পারে বলে জানিয়েছেন। এর আগে, দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের এক সহকারী জানিয়েছেন, যুদ্ধের ক্ষতিপূরণ পেলে হরমুজ প্রণালি পুরোপুরি চালু করে দেবে তেহরান। এ জন্য প্রণালিটি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের সম্ভাবনার কথা জানান তিনি।


