ইস্তানবুলের ব্যস্ততম বেসিকতাস এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তিন হামলাকারী নিহত হয়েছেন এবং দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে দূতাবাসের সামনে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে হঠাৎ গুলি চালায় তারা। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ।
দুই পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থলেই তিন হামলাকারী নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন দুই পুলিশ সদস্য। পরে তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানা যায়নি। তারা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করেনি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন