ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুদ্ধবিরতি মেনে নিল ইরান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:১৬ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পাকিস্তানের মধ্যস্থতায় এ প্রস্তাবে রাজি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনের মাধ্যমে যুদ্ধবিরতির এই চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তিটিকে ‘ইরানের বিজয়’ হিসেবে উল্লেখ করে বলা হয়, একটি স্থায়ী সমঝোতার লক্ষ্যে পরবর্তী আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস থাকা সত্ত্বেও আলোচনায় অংশ নিতে যাচ্ছে তারা। এ জন্য প্রাথমিকভাবে দুই সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে। তবে উভয় পক্ষের সম্মতিতে সময়সীমা বাড়ানো যেতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ঐক্য বজায় রাখা এবং চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা জরুরি। আলোচনাকে যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকতা উল্লেখ করে বলা হয়, এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

একই সঙ্গে বিভেদ সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো গেলে তা ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে উদ্‌যাপন করা হবে বলেও উল্লেখ করা হয়।

তবে সতর্ক করে বলা হয়, ইরানের দাবি পূরণ না হলে লড়াই চালিয়ে যাওয়া হবে এবং যেকোনো পরিস্থিতির জন্য দেশ প্রস্তুত রয়েছে।