মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে এ কথা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বুধবার (৯ এপ্রিল) ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে নেতানিয়াহুর। এ সময় ট্রাম্প লেবাননে হামলা কমিয়ে আনার এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে লেবাননের সঙ্গে আলোচনা শুরু করতে নেতানিয়াহুকে নির্দেশ দেন।
নেতানিয়াহু লেবাননে হামলা কমিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছেন কি না তা স্পষ্ট নয়। একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘বর্তমানে কোনো যুদ্ধবিরতি নেই’, লেবাননের সঙ্গে ‘আলোচনা চলমান হামলার মধ্যেই হবে’।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বুধবার বলেছিলেন, ইসরায়েল আসলে লেবাননে নিজেদের কিছুটা সংযত করার কথা বলেছে।
কিন্তু বৃহস্পতিবারও ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে হামলা চালিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের কিছু অংশ থেকে নতুন করে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার লেবাননের সঙ্গে আসন্ন আলোচনায় ইসরায়েলকে প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। একজন ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে জানে এমন একটি সূত্র এ কথা জানিয়েছে।

