ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানে যুদ্ধের ভয়াবহ প্রভাব, চাকরি হারিয়েছেন ২০ লাখ মানুষ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৬:০০ এএম
ছবি- সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধের প্রভাবে ২০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির শ্রম উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মাদি।  এতে নিষেধাজ্ঞা ও ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে থাকা দেশটির ভঙ্গুর অর্থনীতি আরও গভীর সংকটে পড়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের তেল ও গ্যাসক্ষেত্র, পেট্রোকেমিক্যাল শিল্প, ইস্পাত ও অ্যালুমিনিয়াম কারখানাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইন্টারনেট বিভ্রাট এবং ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে চলমান ব্ল্যাকআউটের কারণে দেশটির ডিজিটাল অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে ব্যাপক হারে কর্মী ছাঁটাই চলছে।  ইরানের সামাজিক নিরাপত্তা সংস্থার সাবেক অর্থনীতিবিদ হাদি কাহালজাদেহ মনে করছেন, দেশটির মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক—১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে গোলাম হোসেন মোহাম্মাদি বলেন, প্রাথমিক হিসাবে যুদ্ধের কারণে ১০ লাখের বেশি মানুষ সরাসরি চাকরি হারিয়েছেন।  প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মিলিয়ে এই সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান